প্রকাশিত: Sun, Mar 5, 2023 10:30 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:04 AM

রুমিন ফারহানার আসনে এমপি হলেন ইনুর স্ত্রী আফরোজা

এম এম লিংকন: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলটির সহ-সভাপতি আফরোজা হক। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী তিনি। এই পদে বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি এই সংরক্ষিত নারী আসনটি থেকে পদত্যাগ করেন। 

ইসি সূত্রে জানা যায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সব রাজনৈতিক দল বা জোটের মধ্যে নির্বাচনের জন্য উন্মুক্ত একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ইসি আরও জানায়, এসময়ের মধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর প্রার্থী আফরোজা হকের মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিল করা মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে ২ মার্চ বেলা ১১টা থেকে বাছাই করে আফরোজা হকের মনোনয়নপত্র গৃহীত হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপ-ধারা (৮) অনুসারে আফরোজা হকের মনোনয়নপত্র বৈধ হয়।  সম্পাদনা: এল আর বাদল